• Home
  • कोलकाता
  • কলকাতা/ পূর্ব ভারতের পর্যটন ও ট্রাভেল ব্যবসায় নতুন গতি আনবে টিটিএফ কলকাতা ২০২৬
Image

কলকাতা/ পূর্ব ভারতের পর্যটন ও ট্রাভেল ব্যবসায় নতুন গতি আনবে টিটিএফ কলকাতা ২০২৬

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তিন দিনের আয়োজনের জাঁকজমকপূর্ণ সূচনা, দেশ-বিদেশের ৫০০-রও বেশি প্রদর্শকের অংশগ্রহণ

অভিষেক ভট্টাচার্য কলকাতা

কলকাতা, ১০ জুলাই : ভারতের প্রাচীনতম ও বৃহত্তম ট্রাভেল ট্রেড শো নেটওয়ার্ক টিটিএফ (ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার) কলকাতা ২০২৬-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন শুক্রবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ফেয়ারফেস্ট মিডিয়া আয়োজিত এই তিন দিনের অনুষ্ঠান পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পর্যটন ও ভ্রমণ শিল্পকে নতুন দিশা দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের পর্যটন সংস্থা, ট্রাভেল কোম্পানি, হোটেল শিল্প, এয়ারলাইন্স, পর্যটন আকর্ষণ কেন্দ্র এবং ট্রাভেল টেকনোলজি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে এক অভিন্ন মঞ্চে নিয়ে এসেছে।

মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে গোয়ার পর্যটনমন্ত্রী রোহন এ. খাউন্টে, ছত্তীসগড় পর্যটন বোর্ডের চেয়ারপার্সন নীলু শর্মা Guest of Honour হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও থাইল্যান্ডের কনসাল জেনারেল সিরিপর্ন তান্তিপান্যাথেপ, ডেপুটি কনসাল জেনারেল বেনজাপা টবথং এবং থাইল্যান্ড ট্যুরিজম অথরিটির ঊর্ধ্বতন আধিকারিকসহ বহু বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, লাদাখ, ছত্তীসগড় ও তামিলনাড়ুসহ বিভিন্ন রাজ্যের ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিক এবং পর্যটন দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে পর্যটন শিল্পের বিশেষজ্ঞ, ট্রাভেল ট্রেডের প্রতিনিধিরা এবং বিভিন্ন সংস্থার পদাধিকারীরাও উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা ও শীতকালীন পর্যটন মরসুমের আগে আয়োজিত এই মেলা পর্যটন কেন্দ্র ও ট্রাভেল ব্র্যান্ডগুলির জন্য পূর্ব ভারতের বিশাল পর্যটন বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের একটি কার্যকর সুযোগ করে দিচ্ছে। দেশের অন্যতম প্রধান ট্রাভেল সোর্স মার্কেট হিসেবে কলকাতার বিশেষ পরিচিতি থাকায় এই আয়োজন পর্যটন ব্যবসার সম্প্রসারণ এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এবারের মেলায় ভারতের ২১টি রাজ্য এবং ৬টি দেশের ৫০০-রও বেশি প্রদর্শক অংশগ্রহণ করছেন। এর মধ্যে রয়েছে থাইল্যান্ড, নেপাল, ভুটান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামসহ একাধিক আন্তর্জাতিক অংশগ্রহণকারী। আয়োজকদের আশা, মেলায় ৭,০০০-রও বেশি নিবন্ধিত ট্রাভেল ট্রেড পেশাজীবী এবং প্রায় ২,০০০ সাধারণ দর্শনার্থী উপস্থিত থাকবেন। প্রথম দুই দিন শুধুমাত্র বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) বৈঠকের জন্য নির্ধারিত, আর শেষ দিন সাধারণ দর্শকদের জন্যও প্রবেশ উন্মুক্ত থাকবে।

টিটিএফ কলকাতা ২০২৬-এ এ বছর থাইল্যান্ড-কে ‘ফিচার্ড কান্ট্রি’ এবং পশ্চিমবঙ্গ-কে ‘হোস্ট স্টেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া গোয়া, উত্তরাখণ্ড, পাঞ্জাব, ছত্তীসগড়, রাজস্থান, ওডিশা, গুজরাট, মধ্যপ্রদেশ ও লাদাখ অংশীদার রাজ্য হিসেবে অংশগ্রহণ করছে। অন্যদিকে তামিলনাড়ু, দিল্লি, অসম, মেঘালয় এবং মণিপুর ‘ফিচার্ড স্টেট’ হিসেবে নিজেদের পর্যটন সম্ভাবনা তুলে ধরছে।

আয়োজকদের মতে, তিন দশকেরও বেশি সময় ধরে টিটিএফ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন বাজারগুলিতে পর্যটন শিল্পকে সংযুক্ত করা, পর্যটন গন্তব্যগুলির প্রচার এবং নতুন বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। তাঁদের বিশ্বাস, টিটিএফ কলকাতা ২০২৬ পূর্ব ভারতের পর্যটন শিল্পের বিকাশে নতুন গতি আনবে এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *